স্টাফ রিপোর্টার, রাজশাহী
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইতিহাসবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম ইমেরিটাস অধ্যাপক ড. এ বি এম হোসেন (৮৬) আর নেই। শুক্রবার দিবাগত রাত ২টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। অধ্যাপক এ বি এম হোসেনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমারা সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া গভীর শোক প্রকাশ করেছেন। এ বি এম হোসেনের পুরো নাম আবুল বাশার মোশারফ হোসেন। তিনি ইসলামী শিল্পকলা বিষয়ের বিশেষজ্ঞ। তার জন্ম ১৯৩৪ সালে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায় ধামতী গ্রামে। দেবীদ্বার হাইস্কুল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতক সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জনের সাফল্যে তত্কালীন পাকিস্তান কেন্দ্রীয় সরকার উচ্চশিক্ষার জন্য তাকে মেধাবৃত্তি দিয়ে লন্ডন বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করেন। সেখানে তিনি অনার্স ও পিএইচডি লাভ করেন। ১৯৬০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা আরম্ভ করেন। তার লিখিত গবেষণা গ্রন্থের সংখ্যা ১১টি। ১৯৭৭ সালে নরওয়েজিয়ান পার্লামেন্ট তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য গঠিত বোর্ডে তাদের মনোনীত সদস্য নির্বাচিত করে। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ও বাংলা একাডেমির আজীবন ফেলো।