আইনি লড়াই আশাবাদী গার্দিওলা

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার সিটি দলবদল ও অর্থনৈতিক নীতি অমান্য করায় দুই বছরের জন্য চ্যাম্পিয়ন্স লিগ থেকে নিষিদ্ধ হয়েছিল। এর বিরুদ্ধে ক্রীড়া আদালতের ক্লাবটির করা আপিলের রায় আসবে কাল। এতে নিষেধাজ্ঞার মেয়াদ কমানো কিংবা পুরোপুরি তুলে নেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন সিটি কোচ পেপ গার্দিওলা।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা প্রতি মৌসুমেই লিগে সর্বোচ্চ অবস্থানে থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চাই। শুধু আগামী সোমবারের জন্যই এই চাওয়াটা সীমাবদ্ধ নয়।’

গার্দিওলা জানান, আসছে মৌসুম থেকেই দল চ্যাম্পিয়ন্স লিগে খেলবে, এমন আশাই করছেন তিনি! বললেন, ‘সোমবারের ব্যাপারে আমি খুবই আত্মবিশ্বাসী। কারণ, আমি জানি আমার ক্লাবের যুক্তিগুলো কী, সেগুলো আমি শুনেছি। আমরা আগামী মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগে খেলব।’

তবে আসছে মৌসুমে যদি চ্যাম্পিয়ন্স লিগ নাও খেলতে পারে সিটি তবুও চলতি মৌসুমে খেলা বাতিল হবে না দলটির। এমনকি চলতি মৌসুমে শিরোপা জেতার ভালো সম্ভাবনাই তৈরি হয়েছে। রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে হারিয়েছে গার্দিওলার শিষ্যরা। নিজেদের মাঠে ফিরতি লেগ পার করলেই সিটিজেনরা কোয়ার্টারে উঠে যাবে।