দানিশ কানেরিয়াকে ক্রিকেটে ফেরানোর জন্য চেষ্টার কমতি রাখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই স্পিনারকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বরাবর আবেদন করতে পরামর্শ দিয়েছে পিসিবি। কাউন্টি ক্রিকেটে এসেক্সের হয়ে খেলার সময় ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলেন কানেরিয়া। ২০১২ সালে কানেরিয়াকে আজীবন নিষেধাজ্ঞা দেয় ইসিবি। ঐ নিষেধাজ্ঞায় সমর্থন জানায় পিসিবিও। পরে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে হেরে যান এই লেগ স্পিনার। সম্প্রতি তিনি জানান, জীবিকানির্বাহের জন্য ক্রিকেটে ফেরা তার জন্য আবশ্যক। আর এজন্য পিসিবির সাহায্য চান তিনি। এক বিবৃতিতে পিসিবি জানায়, এখানে তাদের কিছুই করার নেই। ক্লাব ক্রিকেট কিংবা ঘরোয়া ক্রিকেটে খেলতে হলে ইসিবির সঙ্গে যোগাযোগ করে নিষেধাজ্ঞা তুলতে হবে তার।