স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যাওয়ার পথ গত শুক্রবার নির্ধারিত হয়ে গেছে। কার পথ সহজ, কারটা কঠিন এ নিয়েও বিশ্লেষণের শেষ নেই। তবে চ্যাম্পিয়ন্স লিগ প্রত্যাশী শীর্ষ দুই দল বার্সেলোনা আর ম্যানচেস্টার সিটি কোচ কিকে সেতিয়েন আর পেপ গার্দিওলা জানালেন, দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষেই মনোযোগ দেবে তাদের দল।
শুক্রবার অনুষ্ঠিত ড্র-তে দেখা যায় সিটি রিয়ালকে হারিয়ে শেষ আটে উঠে গেলে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে জুভেন্তাস কিংবা লিওঁর কোনো একটি দলকে। অন্য দিকে বার্সার ন্যাপোলি বাধা পেরিয়ে যদি শেষ আটে ওঠে, তাহলে প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ কিংবা চেলসি।
সিটি রিয়ালের মাঠ থেকে জিতে এসেছিল ২-১ ব্যবধানে। এ কারণে কোয়ার্টারে যাওয়ার সম্ভাবনা সিটিরই বেশি। তবে গার্দিওলা সে ভাবনায় যাচ্ছেন না। যাবেনই বা কেন? অতীতে বহুবার যে রিয়ালের এমন বাধা পেরিয়ে প্রত্যাবর্তনের নজির আছে!
এমন এক দলকে ‘চ্যাম্পিয়ন্স লিগের রাজা’ আখ্যা দিয়ে গার্দিওলা বলেন, ‘তাদেরকে আমার চেয়ে ভালোভাবে কেউ চেনে না। চ্যাম্পিয়ন্স লিগে তাদেরই আধিপত্য, তাদের ওপর থেকে মনোযোগ সরালে চলবে না আমাদের। চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার আগে যদি আমরা পরের ধাপ নিয়ে ভাবি, তাহলে সে সুযোগটা নিয়ে তারা আমাদের ছিটকে দেবেই!’
এদিকে বার্সা কোচ সেতিয়েনের কণ্ঠেও ঝরল গার্দিওলার সুর। তিনি বললেন, ‘ড্র নিয়ে আমি খুব একটা ভাবনায় ছিলাম না। বাকি ড্রগুলো জেনে ভালো হলো, পথ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া গেল। তবে আমাদের মনোযোগটা ধরে রাখতে হবে ন্যাপোলির ওপরই।’
ন্যাপোলির মাঠ থেকে ১-১ গোলে ড্র করে এসেছিল বার্সা। তবে শেষ দুই মৌসুমে দ্বিতীয় লেগের বিভীষিকা মাথায় রাখলে সতর্ক হওয়া ছাড়া উপায় নেই দলটির!