রাজস্থান সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিধায়ক কেনাবেচার চেষ্টা করছে বিজেপি

অশোক গহলৌত

কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করতে ‘ঘোড়া কেনাবেচা’র কাজ শুরু করেছে বিজেপি। শনিবার এমনই অভিযোগ তুললেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। তার অভিযোগ, বিধায়কদের টাকার প্রলোভন দেখিয়ে দল ভারী করতে চাইছে বিজেপি। তাদের সমর্থন জানাতে বিধায়কদের ১৫ কোটি টাকা পর্যন্ত প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও এ দিন অভিযোগ করেছেন গহলৌত। খবর আনন্দবাজার পত্রিকার

কর্ণাটক এবং মধ্যপ্রদেশে কংগ্রেসের সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিজেপি কোন পথে হেঁটেছিল সে প্রসঙ্গও এ দিন তুলে ধরেন গহলৌত। সেখানেও বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ উঠেছিল বলেও মন্তব্য করেন তিনি।

রাজ্য বিজেপির সভাপতি সতীশ পুনিয়া গহলৌতের অভিযোগ প্রসঙ্গে পালটা বলেন, ‘যে সরকার করোনা মোকাবিলায় ব্যর্থ, গত দেড় বছর ধরে প্রতিটি ক্ষত্রে যে সরকার অসফল, সেই সরকার যে এমনই অভিযোগ তুলবে এটাই প্রত্যাশিত। নিজেদের ব্যর্থতা ঢাকতে গিয়ে ভিত্তিহীন কথা বলছে কংগ্রেস। রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করার রাজনীতি করছে।’ পুনিয়া আরো যোগ করেন, ‘এটা আসলে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের প্রতিফলন। কী ভাবে তারা নিজেদের বিধায়কদের ওপর ভরসা রাখবে!’

রাজ্য করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তার সরকার যেখানে মানুষের জন্য কাজ করছে, সেখানে বিজেপি ক্রমাগত সমস্যা তৈরি করছে বলে অভিযোগ করেছেন গহলৌত। তিনি বলেন, ‘রাজস্থান সরকার যখন রাজ্যবাসীর জন্য কাজ করছে, এই অতিমারির পরিস্থিতিতেও বিজেপি সরকার উলটে দেওয়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। গোটা দেশবাসীর কাছে এই বিষয়টি তুলে ধরতে চাই।’ গহলৌত আরও বলেন, ‘শুনতে পাচ্ছি আমাদের বিধায়কদের দলবদলের জন্য টাকার প্রস্তাব দেওয়া হচ্ছে। ২০১৪-র জয়ের পর থেকেই বিজেপির আসল চেহারাটা সামনে এসেছে। আগে তারা রেখেঢেকে এসব কাজ করত, এখন প্রকাশ্যেই করছে। গোয়া, মধ্যপ্রদেশ এবং উত্তর-পূর্বের রাজ্যগুলোয় বিজেপি কী করেছে দেখুন।’ রাজস্থানেও বিজেপি সেই একই কৌশল নিচ্ছে বলে অভিযোগ গহলৌতের। এর পরই যোগ করেন, ‘রাজস্থানেও আগে একই রকম চেষ্টা করেছিল বিজেপি, কিন্তু যে শিক্ষা দেওয়া হয়েছে দীর্ঘ সময় মনে রাখবে তারা।’ গহলৌত আরো বলেন, ‘বিজেপির ঔদ্ধত্য সবাই দেখছেন। আগামী নির্বাচনে এই ঔদ্ধত্য মাটিতে মিশে যাবে। দেশের মানুষ শিক্ষা দেবে বিজেপিকে।’ বিজেপির বিরুদ্ধে গত কয়েক দিন ধরেই বিধায়ক কেনাবেচার অভিযোগ তুলছিলেন কংগ্রেস নেতারা। রাজ্য কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, দক্ষিণ রাজস্থানের কুশলগড়ের এক বিধায়ককে টাকার প্রস্তাব দিয়েছে বিজেপি।