কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পরিবারের বিরুদ্ধে আর্থিক কেলেংকারির অভিযোগ উঠেছে। একট দাতব্য সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে তার পরিবারের সদস্যরা অর্থ নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিরোধীরা এই কেলেংকারির ফৌজদারি তদন্ত দাবি করেছেন। খবর ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের
বহুজাতিক দাতব্য সংস্থা উই চ্যারিটি বৃহস্পতিবার নিশ্চিত করেছে, চ্যারিটির বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতির জন্য প্রধানমন্ত্রী ট্রুডোর মা, স্ত্রী এবং ভাইকে অর্থ দেওয়া হয়েছে। কয়েক বছর ধরে এই অর্থ প্রদান করা হয়। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মা এবং সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর স্ত্রী মার্গারেট ট্রুডোকে ২০১৬ সাল থেকে ১ লাখ ৮২ হাজার ডলার (১ কোটি ৫৪ লাখের বেশি টাকা) দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি অর্থ দেওয়া হয়েছে।
গত জুনে শিক্ষার্থীদের কর্মশালাবিষয়ক একটি কর্মসূচি পরিচালনার জন্য উই চ্যারিটির সঙ্গে কানাডীয় ৯০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি হয়েছিল। এর মধ্যে সরকার কর্তৃক ১৯ দশমিক ৫ মিলিয়ন কানাডীয় ডলার দেওয়ার কথা ছিল। তবে উই চ্যারিটি এবং কানাডার সরকার জানিয়েছে, স্বার্থগত সংঘাত নিয়ে প্রশ্ন ওঠার পর গত ৩ জুলাই এই চুক্তি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বাতিল করা হয়েছে। পার্লামেন্টে ট্রুডোর মিত্র দল কুইবেকয়সের নেতা ইভেস ফ্রান্সয়েজ এই ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য প্রধানমন্ত্রী ট্রুডোকে উপ-প্রধানমন্ত্রীর হাতে সাময়িক ক্ষমতা দিয়ে সরে যেতে বলেছেন। বিরোধীরাও তদন্ত দাবি করেছেন।