বরিশালের আগৈলঝাড়া থেকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বন্ধুর সঙ্গে দেখা করতে এসে যৌন হয়রানির শিকার হয়েছেন এক কলেজছাত্রী। গত বুধবার দুপুরে কোটালীপাড়া উপজেলার রামশীল কলেজের গার্ডরুমে এ ন্যক্কারজনক ঘটনাটি চাপা দিতে এলাকার একটি প্রভাবশালী মহল উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হয়রানির শিকার ঐ তরুণী জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি বরিশালের আগৈলঝাড়ার গ্রামের বাড়ি থেকে ভ্যানযোগে কোটালীপাড়ায় তার এক বন্ধুর সঙ্গে দেখা করার জন্য আসেন। ভ্যানটি রামশীল কলেজ এলাকায় আসার পরে বৃষ্টি শুরু হলে তিনি রামশীল কলেজের গার্ডরুমে আশ্রয় নেন। ঐ সময় রামশীল গ্রামের সুভাষ বালার ছেলে অনিমেষ বালা (৩০) গার্ডরুমে প্রবেশ করে ঐ ছাত্রীকে যৌন হয়রানি করে ও জড়িয়ে ধরে ছবি তোলে। ছাত্রী এর প্রতিবাদ করলে অনিমেষ তাকে নানাভাবে ভয়ভীতি দেখায়। বৃষ্টি শেষ হলে বিকাল ৩টার দিকে অনিমেষ তার বন্ধু বিপুল বালাকে দিয়ে একটি ভাড়ায়চালিত মোটর সাইকেলযোগে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়।
এদিকে অনিমেষ বালা রামশীল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র বালার ভাতিজা হওয়ায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তারা উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তবে জগদীশ বালা এ অভিযোগ সত্য নয় উল্লেখ করে বলেন, ঘটনা সম্পর্কে তার কিছুই জানা নেই।
এলাকার লোকজন জানান, অনিমেষ বালা সেখানে বখাটে যুবক হিসেবে পরিচিত। এর আগে সে একটি ধর্ষণ মামলায় জেল খেটেছে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান বলেন, এ ব্যাপারে ঐ ছাত্রীর পরিবারের সঙ্গে আমার কথা হয়েছে। তাদের অভিযোগ দিতে বলেছি। অভিযোগ দিলেই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।