নিকলীতে হাওরে ঘুরতে এসে লাশ হলো স্কুলছাত্র

কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে মেহেদি হাসান নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পর্যটন এলাকা মোহরকোনা বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। মেহেদি নরসিংদী জেলার শিবপুর উপজেলার ভানুয়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে এবং শিবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন্ধুদের সঙ্গে পর্যটন এলাকার মোহরকোনা বেড়িবাঁধে হাওরের পানিতে ঘুরতে যায় মেহেদি হাসান। ঘোড়াউত্রা নদীতে বয়া নিয়ে সাঁতার কাটা অবস্থায় প্রবল ঢেউয়ের তোড়ে এক সময় সে পানিতে তলিয়ে যায়। স্থানীয় ডুবুরিরা দেড় ঘণ্টা পর তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিকলী থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী জানান, নিখোঁজের দেড় ঘণ্টা পর স্থানীয় ডুবুরিদের চেষ্টায় পানি থেকে তাকে উদ্ধার করা হয়।