আতাইকুলায় মার্কেটে সন্ত্রাসী হামলা ল্যাপটপ ও নগদ টাকা লুট

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম বাজারে মাস্টার মার্কেটে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ৫টি সরকারি ল্যাপটপ ও নগদ ৩ লক্ষ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে।

সরেজমিন ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পদ্মাবিলা গ্রামের আ:গফুরের ছেলে ফিরোজের নেতৃত্বে একদল সন্ত্রাসী বনগ্রাম বাজারে অবস্থিত মাস্টার মার্কেটে হামলা চালায়। এসময় হামলাকারীরা মাস্টার কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার, মাস্টার ডেকোরেটার, মাস্টার ফটোস্ট্যাটের দোকানে হামলা চালিয়ে লুটপাট করে। মাস্টার কম্পিউটারের মালিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হোসেন বাধা দিলে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে আহত করে। ইকবাল মাস্টার জানান, আমরা কিছু বুঝে উঠার আগেই দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালিয়ে ডাক বিভাগের প্রশিক্ষণের জন্য রাখা ৫টি ল্যাপটপ ও নগদ প্রায় ৩ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। তিনি আরও বলেন, সন্ত্রাসীরা কম্পিউটারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। সংবাদ পেয়ে আতাইকুলা থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩ জনকে আটক করে। আটককৃতরা হলো- ফিরোজ, আ: সাত্তার ও সবুজ। সন্ত্রাসী হামলার ঘটনার সত্যতা স্বীকার করেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান। তিনি জানান, থানায় মামলার ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব।