কুমিল্লায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

ওয়ার্ড কাউন্সিলরসহ ১০ জনকে আসামি করে মামলা

নগরীর কোটবাড়ী রোডের চাঙ্গেনী এলাকায় গত শুক্রবার দুপুরে ব্যবসায়ী আক্তার হোসেনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনসহ ১০ জনকে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় নিহতের স্ত্রী রেখা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ এ ঘটনায় উক্ত কাউন্সিলরের তিন ভাই আমির, জাহাঙ্গীর ও বিল্লালকে আটক করেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে গতকাল শনিবার বাদ আছর স্থানীয় গন্ধমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যবসায়ী আক্তার হোসেনের জানাজা শেষে তার লাশ চাঙ্গেনী পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানা গেছে।