প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, কোনো ব্যক্তি বা দলকে সুবিধা দিতে নয়, সাংবিধানিক কারণেই করোনার মধ্যে উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পেছানোর আইনগত কোনো সুযোগ নেই। তবে মহামান্য রাষ্ট্রপতি বিষয়টি সুপ্রিম কোর্টে নিতে পারেন। আমরা মহামান্য রাষ্ট্রপতির শরণাপন্ন হয়েছিলাম। তিনিও বলেছেন, নির্বাচন না করার কোনো সুযোগ নেই। গতকাল শনিবার দুপুরে যশোর-৬ কেশবপুর আসনের উপনির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলাসংক্রান্ত ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, করোনার কারণে সবকিছু বন্ধ রাখা যাবে না। দৈনন্দিন কাজ ও নির্বাচনের মতো কাজ এর মধ্যেই করতে হবে। এজন্য স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের কেন্দ্রে আসতে প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ভোট কেন্দ্রে ভোটারদের মাস্ক খুলে পরিচয় নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন সিইসি।
এদিকে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার ও জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান বক্তব্য রাখেন। এসময় তারা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচনের সার্বিক সহায়তা দাবি করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাহাদাত্ হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার, ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন।
যে কোনো পরিস্থিতিতে উপনির্বাচনের
ভোট গ্রহণ করা হবে
স্টাফ রিপোর্টার (বগুড়া) জানান, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, যে কোনো পরিস্থিতিতে উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে। যুদ্ধ, ঝড়, ভূমিকম্প হোক, নির্বাচন করতে হবে। এটি সংবিধানের বিষয়। সংবিধান পরিপন্থি কোনো কিছু করা যাবে না। যদি কেউ অংশ না নেয় তবে তা নির্বাচন কমিশনের দায় নয়। যে সব ভোটকেন্দ্র বন্যার পানিতে কবলিত সেসব ভোটকেন্দ্র বিকল্প কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বিকল্প কেন্দ্রগুলোর পরিচিতি করতে ভোটারদের মধ্যে নির্বাচন কমিশন থেকে ব্যাপক প্রচারণা চালানো হবে।
নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা শনিবার বিকাল সাড়ে ৪টায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। মতবিনিময়ের আগে তিনি জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অংশ নেন।