বাগাতিপাড়ায় মাদকসহ প্রাইভেটকার জব্দ আটক এক

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা

শুক্রবার ভোররাতে বাগাতিপাড়ায় পুলিশ প্রাইভেটকারের ভেতর থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে। এ সময় প্রাইভেটকারটি জব্দ ও চালককে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক প্রাইভেটকার চালক ও মালিক তরিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া গ্রামের আহমেদের ছেলে। বাগাতিপাড়া মডেল থানার এসআই মইনুল হক ও এএসআই গোলাম রব্বানী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লোকমানপুর রেলগেটে ওই প্রাইভেটকারটি চ্যালেঞ্জ করে। এ সময় একটি বস্তায় থাকা ৯০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়েছে।

বাগতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম শেখ পিপিএম বলেন, বিদেশি অবৈধ মালামাল আনা নেয়ার অপরাধে আটক তরিকুলের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ

বেনাপোল (যশোর) সংবাদদাতা  জানান, বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রাম থেকে শুক্রবার সকালে একটি মোটর সাইকেলসহ ফেনসিডিল জব্দ করেছে বিজিবি।

খুলনা ব্যাটালিয়নের ২১ বিজিবি’র পুটখালী বিওপি সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে মহিষাডাঙ্গা গ্রামের আজিজুলের বাড়ি থেকে একটি মোটরসাইকেল জব্দ করেন। পরে মোটরসাইকেলের সিট কভারের মধ্যে থেকে ৫৫ বোতল ফেনসিডিল জব্দ করেন। এ সময় দুই চোরাকারবারী  ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির পরিচালক ইমরান উল্লাহ সরকার জানান, জব্দ ফেনসিডিল ও মোটরসাইকেল বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।