মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়ায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম এলিজা বেগম (৩০)। উপজেলার দক্ষিণ সাপলেজা গ্রামের শ্বশুরবাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। এদিকে ঘটনার পর থেকে তার স্বামী ও শাশুড়ি পলাতক রয়েছে।
নিহত গৃহবধূর বাবা মজিবর মুন্সি অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে জামাই নূর আলম তার মেয়েকে প্রায়ই মারধর করতো। ঘটনার রাতে মারধরের পর হত্যা করে শ্বশুরবাড়ির লোকজন এলিজার মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচারণা চালায়। এরপর আমার মেয়ের লাশ মাটিতে ফেলে রেখে জামাই ও মেয়ের শাশুড়ি পালিয়ে গেছে।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মাজাহার আমিন (বিপিএম) বলেন, ওই গৃহবধূর লাশ উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।