নেত্রকোনায় স্ত্রীর মামলায় পুলিশের এএসআই স্বামী কারাগারে

নেত্রকোনা প্রতিনিধি

জেলার মদন উপজেলার শিবাশ্রম গ্রামের নিলুফার ইয়াসমিন লাকীর দায়ের করা মামলায় পুলিশের এএসআই মাজহারুল ইসলামকে গত বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন বিচারক। নারী ও শিশু নির্যাতন মামলায় মাজহারুল ইসলাম গত বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। 

মামলা সূত্রে জানা গেছে, জেলার মদনের শিবাশ্রম গ্রামের মৃত আবদুল হেকিমের ছেলে মাজহারুল ইসলামের সাথে নেত্রকোনা পৌরসভার কাটলী গ্রামের আবদুল ওয়াদুদের মেয়ে নিলুফার ইয়াসমিন লাকীর বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে নিয়ে মাজহারুল ইসলাম শ্বশুর বাড়িতে থাকত। বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেওয়ার জন্য স্বামী মাজহারুল ইসলাম নানাভাবে চাপ দিত। এরই মধ্যে লাকী বাবার কাছ থেকে এক লাখ টাকা এনে দেন। পরে মোটরসাইকেল কেনার জন্য টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে লাকীর ওপর। গত ২০১৭ সালের ৩ মে বাবার বাড়ি থেকে নিলুফার ইয়াসমিনকে নিজ বাড়িতে নিয়ে যায় এবং ৩ লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় বড় ভাই ও মার প্ররোচনায় লাকীকে মারধর করে মাজহারুল ইসলাম।

এ ঘটনায় গত বছরের ৩০ অক্টোবর নিলুফার ইয়াসমিন লাকী বাদী হয়ে স্বামী মাজহারুল ইসলাম, শাশুড়ি হোসনা আক্তার ও ভাসুর আজহারুল ইসলাম সুমনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় গতকাল বৃহস্পতিবার হাজিরা দিতে গেলে বিচারক জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠান।