সরাইলে জুয়া খেলাকে কেন্দ্র করে কিশোর খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুয়া খেলাকে কেন্দ্র করে এক কিশোর খুন হয়েছে। তার নাম শাকিব(১৬)। সে উপজেলার শাহবাজপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১ জানুয়ারি ওই গ্রামে শাহবাজপুর বাঘা চান মিয়ার মেলা শুরু হয়। মেলার শেষ দিনে জুয়া পরিচালনা নিয়ে স্থানীয় কিশোর তারেক ও শিহাবের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় শিহাবের পক্ষে শাকিব বিবাদে জড়ালে তারেক তার গলায় ছুরিকাঘাত করে। শাকিবকে আহতাবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে সে মারা যায়। এদিকে ঘটনার পরপর স্থানীয়রা তারেককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সরাইল থানার ওসি মফিজউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক তারেককে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।