সেনা প্রত্যাহারের ঘোষণার পরেও সিরিয়ায় জোরদার মার্কিন হামলা

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এরই মধ্যে সিরিয়ার পূর্বাঞ্চলে বোমা হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী বলেছে, ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত এলাকাগুলোতে এ হামলা চালানো হচ্ছে।

আল-জাজিরা ও দ্য ইন্টারসেপ্টের অনুসন্ধান বলছে, সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেও সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন বাহিনীর হামলা জোরদার হয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় তিনটি সূত্রকে উদ্ধৃত করে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে ইরাক সীমান্ত সংলগ্ন ইউফ্রেটিস নদীর নিকটবর্তী আল কাশমাহ গ্রামে। অপারেশন রাউন্ডআপ নামের অভিযানের অংশ হিসেবে গত নভেম্বর থেকে ইউফ্রেটিসের আশপাশে আইএস নিয়ন্ত্রিত গ্রামগুলোতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। অপারেশন রাউন্ডআপ পরিচালনা করতে গিয়ে বেসামরিক এলাকাতেও হামলা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। একটি হাসপাতালও ওই হামলার শিকার হয়েছে।

গত ১৯ ডিসেম্বর সিরিয়া থেকে মার্কিন বাহিনীকে পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প। তখন তিনি সিরিয়ায় আইএস’কে পরাজিত করার দাবিও করেন। সেনা প্রত্যাহারে ট্রাম্পের ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন যুক্তরাষ্ট্রের মিত্র বেশ কয়েকটি দেশ এবং মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।