বলিউডে করোনার হানা

তারকাদের ঘরোয়া পার্টি ও বিদেশ ফেরত তারকাদের দায়ী করছেন অনেকে

বিনোদন ডেস্ক

 

বলিউডে একের পর এক তারকাদের করোনা আক্রান্তের খবর মিলছে। অমিতাভ বচ্চন পরিবারে করোনা আক্রান্তের খবরের পরই একাধিক গণমাধ্যমে আরো কয়েকজনের করোনা পজিটিভের খবর পাওয়া যায়। এই তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। ভারতীয় কয়েকটি গণমাধ্যম বিশ্লেষক বলছেন, তারকাদের বিভিন্ন উপলক্ষে ঘরোয়া পার্টি বা অনুষ্ঠান আয়োজনই এর কারণ হতে পারে। এছাড়াও একাধিক সেলিব্রেটি দেশের বাইরে বিভিন্ন কাজে ছিলেন। তারাও করোনার বাহক হতে পারেন বলে অনেকেই বলছেন।

টলিউডে কোয়েল মল্লিকের পুরো পরিবার করোনায় আক্রান্তের খবর মিলেছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের মা। অনুপম খের টুইটারের নিজেই জানিয়েছেন তার মায়ের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি। তার পরিবারের আরো একজনের করোনা পজিটিভ এসেছে। তিনি হলেন অনুপমের ভাই।

সম্প্রতি একটি ভিডিও বার্তায় অনুপম খের বলেন, ‘আমার মাকে সবাই দুলারি নামেই চেনেন। কয়েকদিন থেকে খাবারের প্রতি মায়ের অনিহা তৈরি হয়। মায়ের রক্ত পরীক্ষা করে কোনো রোগ ধরা পড়েনি। তবে পরে সিটি স্ক্যান করা হলে তার মাঝে করোনার উপসর্গ পাওয়া যায়।’

অনুপম খের জানান, তিনি নিজেরও করোনা টেস্ট করিয়েছেন, তবে তার ফলাফল নেগেটিভ এসেছে। অন্যদিকে তার ভাই, ভাবি ও ভাতিজির করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বর্তমানে অনুপম খেরের মা মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি আছেন।

অভিনেত্রী রাভিনা ট্যান্ডন টুইট করেছেন, ‘দুলারি আন্টি ও পরিবারের সবার দ্রুত আরোগ্য কামনা করছি। ভালোবাসা ও প্রার্থনা।’

অনুপম খেরের পরিবারের সুস্থতা কামনা করে আরো টুইট করেছেন অভিনেত্রী সোনম কাপুর,

অভিনেতা রণবীর শোরে, নীল নীতিন মুকেশ প্রমুখ। এদিকে বিজেপির সাংসদ দিলীপ ঘোষ বলেন, ‘অমিতাভ বচ্চন বয়স্ক মানুষ। প্রথমদিকে অনেক সেলিব্রেটিই করোনা নিয়ে এসেছেন। এখন একটা সার্কেলে ঢুকে যাচ্ছে।’ তবে দিলীপ ঘোষের এই মন্তব্য অনেকেই ভালোভাবে নেননি। অমিতাভ বচ্চনের পরিবারে করোনা হানা দিয়েছে, এই খবর ১১ জুলাই রাতের। এরপর থেকেই শোনা যাচ্ছে বলিউডের অনেক তারকা ও তারকাদের আত্মীয়রা করোনা আক্রান্ত হয়েছেন। অনেকে টেস্ট করিয়েছেন, রিপোর্ট আসার অপেক্ষায়।

এ সময় জানা গেল রণবীর কাপুর, নীতু কাপুরদের করোনা পজিটিভ। খবরটি দ্রুতই ছড়িয়ে পড়ছে টুইটারে। এই জল্পনায় জল ঢেলে দিলেন ঋষি কাপুর কন্যা ঋদ্ধিমা কাপুর। ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন, এ খবর মিথ্যা। তার মা ও ভাই সুস্থ।

এদিকে বিজেপি সাংসদ ও বলিউডের ড্রিমগার্ল হেমা মালিনী করোনা আক্রান্ত বলেও খবর ছড়িয়েছে। অন্যদিকে করোনা উপসর্গ দেখা দেওয়ায় সোয়াব পরীক্ষা করিয়েছেন অভিনেত্রী রেখা ও তার সঙ্গে বসবাসকারীরা। রেখা করোনা টেস্ট করিয়েছেন শুনে তার প্রতিবেশী জাভেদ আখতার ও শাবানা আজমিও করোনা টেস্ট করিয়েছেন বলে খবর ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যমে। তবে এখন অনেকেই গোপন বা অস্বীকার করছেন। কিন্তু কেন এই গোপন বা অস্বীকার করা তার কারণ জানা যায়নি।