বাগেরহাটে করোনা উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে বলে জেলা সিভিল সার্জন সূত্র জানিয়েছে। মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে একজনকে স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হয়েছে এবং অন্যজনের লাশ গ্রামের বাড়ি পাঠানো হয়েছে।
করোনা উপসর্গে মৃতরা হলেন- বাগেরহাট জেলা আনসার ভিডিপি’র সহকারী কমান্ডেন্ট মো. মিজানুর রহমান (৪৫)। তার বাড়ি বরিশালে। অন্যজন ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্য আব্দুস সালাম (৫৫)। গ্রাম পুলিশের সদস্যকে করোনা স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে। বাগেরহাট সহকারী জেলা কমান্ডেন্টের লাশ তার গ্রামের বাড়ী বরিশালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বাগেরহাট জেলা আনসার ভিডিপি’র কমান্ডেন্ট নাহিদ হাসান জানান, মিজানুর রহমান আনসার ভিডিপি কার্যালয়ের ব্যারাকে একাই থাকতেন। গত কয়েক ধরে তিনি করোনা ভাইরাসের উপসর্গে ভুূগছিলেন। তিনি ব্যারাকে বসেই চিকিৎসা নিচ্ছিলেন। দুপুরে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে আমরা তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার মৃত্যু হয়েছে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার জানান, ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্য আব্দুস সালাম নামে ব্যক্তি করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাটে গত ২৪ ঘন্টায় ২৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১১ জনে। এরমধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। ১৯০ জন সুস্থ হয়েছেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।
ইত্তেফাক/এসি