বদলগাছীর প্রধান সড়ক খানাখন্দে ভরা

প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

সড়ক ও জনপদ নির্মিত বদলগাছীর প্রধান সড়কটি খানাখন্দের কারণে মরণফাঁদে পরিণত হয়েছে। এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন। আর প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহির বলেন, বদলগাছী চৌরাস্তার মোড় থেকে নওগাঁ বালুডাঙ্গা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তা প্রশস্ত করে তৈরি করা প্রয়োজন। তাছাড়া হাসপাতালের পূর্ব পাশে সড়কের মধ্যে কালভার্ট ভেঙে পড়ায় গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জনপদের লোকজন এসে স্টিলের পাটাতন দিয়ে কোনোরকম চলাচলের ব্যবস্থা করছে। অথচ এই জনগুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে যাত্রীবাহী বাসসহ শত শত ট্রাক, ভ্যান ও সিএনজি ঝুঁকি নিয়ে চলাচল করছে। ট্রাকচালক বেলাল হোসেন বলেন, আমাদের ঝুঁকি নিয়ে পঞ্চগড়, বড়পুকুরিয়া ও হিলি থেকে কয়লা, ধানসহ বিভিন্ন মালামাল নিয়ে নওগাঁ-রাজশাহী যাতায়াতের সময় এই গর্তগুলো ঝুঁকি নিয়ে পার হতে হয়। ভ্যানচালক ছালাম, আব্দুর রশিদ, ফারুকসহ অনেকে বলেন, একটু বৃষ্টি হলেই গর্তগুলোতে চাকা পড়লে ইসপ্রো কেটে যাত্রীরা রাস্তায় পড়ে যান। আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। নওগাঁ জেলা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল হক বলেন, নষ্ট হওয়া রাস্তাগুলো আমরা রিপিয়ারিং করছি। আগামী সেপ্টেম্বর নাগাদ বদলগাছী-নওগাঁ রাস্তা প্রশস্তকরণের কাজ করা হবে।