ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ঘোড়াঘাটে একটি ভাঙা কালভার্টের জন্য ভারী যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। রানীগঞ্জ থেকে ডুগডুগীহাট পর্যন্ত পাকা সড়কের সিংড়া ইউনিয়নের রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ থেকে একটু দক্ষিণে এ কালভার্টটির অবস্থান। এ সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। চলে রিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ ভারী যানবাহন। এই এলাকায় রয়েছে দুইটি বড় হাট। ব্যবসায়ীদের পণ্য পরিবহনে ব্যবহূত হয় ভারী ও মাঝারি যানবাহন। সমপ্রতি কালভার্টটির দুপাশ ভেঙে যাওয়ায় ভারী বা মাঝারি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীদের অনেক পথ ঘুরে পণ্য পরিবহন করতে হচ্ছে। কালভার্টটির দুই ধার ভেঙে যাওয়ার পর দেখা যাচ্ছে কালভার্টটি নির্মাণে স্লাবের নিচে স্বল্প পরিমাণ রড দেওয়া হয়েছে। এছাড়া কালভার্টের নিচে গাছের গুঁড়ি ফেলে তার ওপর সামান্য রড দিয়ে স্লাবটি ঢালাই দেওয়া হয়েছে। এ ব্যাপারে এলজিইডি উপজেলা প্রকৌশলী নূরনবীর সঙ্গে কথা হলে তিনি জানান, সড়কটি এলজিইডি অর্থায়নে নির্মিত। কালভার্ট ভেঙে যাওয়ার বিষয়ে তিনি অবহিত। এ নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। যেহেতু এলজিইডির বরাদ্দ পাওয়া সময়সাপেক্ষ ব্যাপার। সেজন্য উপজেলা পরিষদের কোনো অর্থায়নে কালভার্টটি মেরামত করা হবে। কালভার্টের নিচে কাঠের গুঁড়ি দিয়ে ঢালাই দেওয়ার বিষয়ে তিনি জানান, সড়কটি ছয়-সাত বছর পূর্বে তৈরি করা হয়েছে। সে সময় এর দেখভালের দায়িত্বে কে ছিলেন তা আমার জানা নেই।