সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরের হাটবাজারে কাঁচামরিচের দাম খুব বেড়েছে। আর কাঁচামরিচের এই দামের ঝাঁজে দিশেহারা হয়ে পড়েছেন ক্রেতারা। পৌরসভার মানিকদীর গ্রামের ভ্যানচালক আব্দুল লতিফ বলেন, শনিবার কাঁচামরিচ কিনতে পৌর বাজারে আইছিলাম। কিন্তু দাম বেশি। পরে কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচ কিনছি। উপজেলার ভবানীপুর গ্রামের দিনমজুর আক্কাছ আলী বলেন, প্রতি কেজি কাঁচামরিচ ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হলে কেনা সহজ হয়। কিন্তু বর্তমান বাজারে আমাদের মতো গরিব মানুষের পক্ষে কাঁচামরিচ কেনা সম্ভব না। সবজি ব্যবসায়ীরা বলেন, অতি বৃষ্টিতে মরিচের খেত নষ্ট হওয়ায় আমদানি কমে গেছে। এ কারণে দাম বেড়েছে।