বিসিবির ফিটনেস প্রোগ্রামে উপকৃত ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার

এই সময় মাঠেই ব্যস্ত থাকার কথা ছিল ক্রিকেটারদের। কিন্তু এক করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি থমকে দিয়েছে সব ক্রিকেটীয় আয়োজন। বন্দি হয়ে আছেন ক্রিকেটাররা। তবে চুপ নেই ক্রিকেটাররা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখার জন্য বিসিবি তাদের নিয়মিত অনলাইন প্রোগ্রাম পাঠিয়েছে। আর সেটা অনুসরণ করে ফল পেয়েছেন ক্রিকেটাররা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, এই আয়োজনে জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ দলসহ অনেক ক্রিকেটার সুবিধা পেয়েছেন। বিসিবির পাঠানো ফিটনেস সরঞ্জাম বাসায় নিয়ে ব্যবহার করছেন ১৯ ক্রিকেটার। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছেন, তারা এখান থেকে দারুণ সুবিধা পেয়েছেন। বিসিবির এই আয়োজনে অনলাইনে ক্রিকেটাররা কথা বলেছেন, কোচ রাসেল ডমিঙ্গো ও অন্য কোচদের সঙ্গে।