যেভাবে দুঃসময় পেছনে ফেলেছেন টিম পেইন

স্পোর্টস ডেস্ক

মানসিক স্বাস্থ্য বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক টিম পেইন। জানালেন কি করে তিনি নিজের দুঃসময় পেছনে ফেলেছেন।

একের পর এক চোটে সাতবার অস্ত্রোপচার করাতে হয়েছিল পেইনকে। সেই সময়ে ফেরার স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘লম্বা সময় ধরে রান করতে পারছিলাম না। খেতে পারছিলাম না, ঘুমাতে পারছিলাম না। প্রতিটি ম্যাচের আগেই নার্ভাস লাগত। ভয়ংকর সময় ছিল তখন। খেলায় আমার পালা যখন আসত, অসহ্য লাগত। কারণ আমি নিশ্চিত ছিলাম যে ব্যর্থ হব। কেউই জানত না আমার মানসিক অবস্থা, সবচেয়ে কাছের বন্ধুও নয়, এমনকি আমার সঙ্গিনীও নয়।’ নিজের ঘরেও কতটা দুঃসময় অবস্থায় থাকতে হয়েছে, তুলে ধরলেন পেইন। বললেন, ‘আমার মনে আছে, এমনো দিন গেছে, সে (তখনকার বান্ধবী ও এখন স্ত্রী বনি) কাজে গেছে, আমি সোফায় বসে আক্ষরিক অর্থেই কাঁদছি। চিত্কার করে নয়, তবে কান্না করেছি। খুবই বিরক্তিকর ও যন্ত্রণাময় অভিজ্ঞতা সেটি, ব্যাখা করা কঠিন। কেবলই মনে হচ্ছিল, অনেক মানুষকে হতাশ করে চলেছি আমি।’ পেইন জানালেন, পরে তাসমানিয়ার ক্রীড়া মনোবিদের কাছে যাওয়ার পর নিজেকে ফিরে পেতে শুরু করেন তিনি। বললেন, ‘সেটিই প্রথমবার, কাউকে নিজের অবস্থার কথা বলেছি। মিনিট বিশেক কথা হয়েছিল তার সঙ্গে। মনে পড়ে, তার কক্ষ থেকে বের হওয়া মাত্র ভালো বোধ করতে শুরু করলাম। মনে হলো, আরো আগে তার কাছে যাওয়া উচিত ছিল আমার।