জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের এমপিদের শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর দলের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যবৃন্দের শপথ গ্রহণের পরদিন গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে তিনি দলের সংসদ সদস্যদের নিয়ে আরেকবার পুষ্পাঞ্জলী অর্পণ করেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী,  দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক, নুরুল ইসলাম নাহিদ, আব্দুল মতিন খসরু, রমেশ চন্দ্র সেন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, নৌপরিবহন মন্ত্রী মো. শাজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, চিফ হইপ আ স ম ফিরোজ, দলের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফসহ আওয়ামী লীগের অন্যান্য সংসদ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।