ইত্তেফাক রিপোর্ট
স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ বাড়াতে সরকারের নানামুখী চেষ্টা সত্ত্বেও প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয়ের ঘাটতি, উচ্চহারে ভ্যাট ট্যাক্স আরোপসহ বেশকিছু সমস্যাকে এ জন্য দায়ী করছেন ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা। তারা বলেছেন, বিনিয়োগ বাড়ানোর জন্য সরকারের নীতিকাঠামোকে ব্যবসাবান্ধব করতে হবে। প্রতিযোগী দেশগুলো কী করছে, বিনিয়োগকারীরা কী চান—এর ভিত্তিতে এসব পরিবর্তন আনা দরকার। গতকাল রবিবার ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের প্ল্যাটফরম রিসারজেন্ট বাংলাদেশ আয়োজিত এক অনলাইন সংলাপে তারা এসব কথা বলেন। ‘অনিশ্চিত সময়ের বেসরকারি বিনিয়োগ : বাংলাদেশ প্রেক্ষাপটে করোনার প্রভাব ও নীতিকাঠামোর গুরুত্ব’ শীর্ষক ঐ সংলাপে অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারের নীতিনির্ধারকরা তাদের মতামত তুলে ধরেন। এমসিসিআইর প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবীরের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংক গ্রুপের সাবেক সিনিয়র অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই বিনিয়োগে কাঙ্ক্ষিত গতি নেই। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে এ বিষয়ে নতুন করে ভাবতে হবে। নতুন বিনিয়োগ উত্স খোঁজার পাশাপাশি এ লক্ষ্যে দ্রুত ও কার্যকর সংস্কার করতে হবে। বিশেষত করোনা-পরবর্তী পরিবর্তিত বিশ্বকে মাথায় রেখে এ বিষয়টি ভাবতে হবে। এটি সফলভাবে করা গেলে বাংলাদেশ স্থানীয় ও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে উত্কৃষ্ট গন্তব্য হতে পারে। ড. মাশরুর রিয়াজ বলেন, ভবিষ্যত্ বিনিয়োগ-সুযোগ কোথায় আসতে পারে, বিনিয়োগকারীরা কী চান, এর ভিত্তিতে নীতিমালায় সংস্কার আনতে হবে। বিশেষত যৌক্তিক করহারের পাশাপাশি তা সহজ করা ও বৈদেশিক বিনিময় হারে পরিবর্তন আনার কথা বলেন তিনি।
আলোচনায় অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের বেশির ভাগই বিদ্যমান করকাঠামো নিয়ে নিজেদের অসন্তোষের কথা জানান। একই সঙ্গে আয়কর, ভ্যাট ও শুল্কব্যবস্থায় অহেতুক জটিলতা বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করেন তারা। বিনিয়োগ আনার ক্ষেত্রে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি করকাঠামোর ওপর জোর দেন তারা।
এমসিসিআইর সাবেক সভাপতি ও এপেক্স গ্রুপের কর্ণধার সৈয়দ নাসিম মঞ্জুর কর ও শুল্কব্যবস্থাপনাকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব করার দাবি জানান।
বিদ্যমান রাজস্ব তথা করব্যবস্থাপনায় সংস্কারের দাবির সঙ্গে একমত পোষণ করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক দুই চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া ও ড. নাসিরউদ্দিন আহমেদ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ওয়াসেকা আয়েশা খান, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ঢাকা চেম্বারের (ডিসিসিআই) সভাপতি শামস মাহমুদ, সাবেক সভাপতি আবুল কাশেম খান ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম প্রমুখ।