আত্মসমর্পণ করে জামিন পেলেন ২৩ হাজার আসামি

নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ২৩ হাজার ৩৯৬ জন আসামি। ৬ হাজার ৫৮৮টি মামলায় এসব আসামি আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি নিয়ে চিফ জুডিশিয়াল ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকরা তাদের জামিন মঞ্জুর করে। গত ৫ জুলাই সুপ্রিম কোর্ট এক বিজ্ঞপ্তিতে ফৌজদারি মামলার আসামিদের ম্যাজিস্ট্রেট আদালতে সশরীরে হাজির হয়ে আত্মসমর্পণের সুযোগ দেয়। করোনার কারণে দীর্ঘ চার মাস ধরে আত্মসমর্পণ করে জামিন চাওয়ার সুযোগ বন্ধ ছিল। বিচারপ্রার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রধান বিচারপতি এই সুযোগ দেন। এর পরই গত পাঁচ কার্যদিবসে প্রায় সাড়ে ২৩ হাজার আসামি আত্মসমর্পণ করে নিয়মিত আদালত থেকে জামিন পান।

এদিকে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্ট থেকে গত ৪০ কার্যদিবসে জামিন পেয়েছেন ৫৪ হাজার ৬৭৭ জন হাজতি আসামি। গতকাল শনিবার সুপ্রিম কোর্ট থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

জামিনপ্রাপ্তরা হত্যা, ধর্ষণ, ডাকাতি, চুরি ও মাদকসহ বিভিন্ন প্রকৃতির ফৌজদারি মামলার আসামি। সুপ্রিম কোর্ট থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, আটটি বিভাগের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ৪০ কার্যদিবসে ১ লাখ ৭ হাজার ৩৭টি জামিনের আবেদন দাখিল হয়েছে। দাখিলকৃত এসব আবেদন নিষ্পত্তি করে জামিন দেওয়া হয়েছে ৫৪ হাজার ৬৭৭ জন আসামিকে। জামিনপ্রাপ্তদের অধিকাংশই কারামুক্তি পেয়েছেন। এদিকে একই সময়ে ভার্চুয়াল আদালতের মাধ্যমে জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৬৫১ জন। জামিনপ্রাপ্তদের মধ্য থেকে অধিকাংশ শিশুকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।