করোনায় আরো ৪৭ জনের মৃত্যু শনাক্ত ২,৬৬৬

দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার মধ্যে ২৪ দশমিক ১১ শতাংশের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ৮ মার্চ দেশে করোনা সংক্রমণের পর থেকে এক দিনের হিসাবে এই হার সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় ৭৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৫৯টি। এতে ২ হাজার ৬৬৬ জন করোনা ভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৫২ জন।

কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে গতকাল রবিবারের বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তা দেড় লাখ পেরিয়ে যায় গত ২ জুলাই। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯ লাখ ৪০ হাজার ৫২৪টি নমুনা।

আইইডিসিআরের অনুমিত হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৫ হাজার ৫৮০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৯৩ হাজার ৬১৪ জন। ডা. নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ৩৬ জন পুরুষ, ১১ জন নারী।    তাদের মধ্যে ৪৩ জন হাসপাতালে এবং ৪ জন বাড়িতে মারা গেছেন। শনিবারের চেয়ে গতকাল নমুনা পরীক্ষা ২ হাজার ২৯৫টি কম। নমুনা পরীক্ষা কমে যাওয়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যাও কম হচ্ছে বলে বিশেষজ্ঞদের অনেকে মত জানিয়ে আসছেন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫০ দশমিক ৯৩ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ২১ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ছয় জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে এক জন রয়েছেন। মারা যাওয়া ৪৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ছয় জন, রাজশাহী বিভাগে চার জন, খুলনা বিভাগে ছয় জন, বরিশাল বিভাগে দুই জন, রংপুর বিভাগে দুই জন এবং সিলেট বিভাগে চার জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৭৩৭ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৩১৯ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৯০৯ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ১৯ হাজার ১৮৬ জন। এখন পর্যন্ত মোট আইসোলেশন করা হয়েছে ৩৬ হাজার ৫০৫ জনকে। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে কোয়ারেন্টাইন করা হয়েছে ২ হাজার ৫৩১ জনকে। এখন পর্যন্ত ৩ লাখ ৯৩ হাজার ৮৫৪ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ২ হাজার ৯০০ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৩ লাখ ৩০ হাজার ৭৭১ জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন ৬৩ হাজার ৮৩ জন।