আল জাজিরায় সাক্ষাত্কার

বাংলাদেশি কর্মীর ওয়ার্ক পারমিট বাতিল করল মালয়েশিয়া

অভিবাসীদের ওপর নিপীড়ন ও দুর্ব্যবহার নিয়ে প্রভাবশালী সংবাদমাধ্যম আল জাজিরাকে সাক্ষাত্কার দেওয়ায় বাংলাদেশি অভিবাসী কর্মী রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। গতকাল রবিবার মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

মালয় মেইলের খবরে বলা হয়েছে, মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক আবদুল হামিদ বদর ২৫ বছর বয়সি রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। রায়হান এখন থেকে দেশটিতে অবৈধ অভিবাসী হিসেবে থাকছেন। তিনি বলেন, নিজ দেশে ফেরত পাঠানোর আগে রায়হানকে আত্মসমর্পণ করতে হবে। মালেশিয়ায় লকডাউন চলাকালে অভিবাসীদের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে আল জাজিরার ‘১০১ ইস্ট প্রোগ্রাম’-এর একটি পর্বে কথা বলেছিলেন রায়হান। এর পরই কর্তৃপক্ষের ক্ষোভের মুখে পড়েন তিনি।