অমিতাভ-অভিষেকের পর করোনায় আক্রান্ত ঐশ্বরিয়া-আরাধ্যাও

ভারতের মেগাস্টার অমিতাভ বচ্চন পরিবারের জন্য ফের দুঃসংবাদ হয়ে এলো বিশ্বজুড়ে মহামারি সৃষ্টি করা করোনা ভাইরাস। প্রথমে অমিতাভ ও তার ছেলে অভিষেক বচ্চনের করোনা শনাক্ত হওয়ায় তাদের মুম্বাইয়ে একটি হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। অন্যদিকে, গতকাল রবিবার ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্যারও করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ফলে প্রায় পুরো বচ্চন পরিবারকে লড়াই করতে হচ্ছে এই ভাইরাসের বিরুদ্ধে। অমিতাভের স্ত্রী জয়া বচ্চনের ফল নেগেটিভ এসেছে।

‘এই সময়’ অনলাইনে এক প্রতিবেদনে বলা হয়, শনিবার ঐশ্বরিয়া-আরাধ্যার যে টেস্ট করা হয়েছিল সেটি ছিল র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। তাতে রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু গতকাল আরটিপিসিআর টেস্ট রিপোর্টেই করোনা পজিটিভ আসে তাদের। অমিতাভ ও অভিষেকের রিপোর্ট পজিটিভ আসার পরই ঐশ্বর্য ও আরাধ্যাকে আইসোলশনে রাখা হয়। জানা গেছে, তারা হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিত্সা নিবেন। গণমাধ্যমটি আরো বলছে, অমিতাভ নিজের বাংলো ছেড়ে বের হননি বেশ কিছু দিন থেকেই। তবে অভিষেক ওয়েব সিরিজের ডাবিংয়ের জন্য বের হয়েছিলেন। তিনিই হয়তো করোনার জীবানু বহন করে এনেছেন পরিবারে।

এদিকে, বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন গতকাল তার ভক্তদের প্রতি টুইটারে কৃতজ্ঞতা জানিয়েছেন তার প্রতি অসীম ভালোবাসা প্রদর্শনের জন্য। অমিতাভের বয়স বর্তমানে ৭৭ বছর। তার লিভারের বেশিরভাগ অংশই নষ্ট। তাই এই অভিনেতার করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই তার ভক্তদের কপালে চিন্তার রেখা ভেসে উঠেছে।