ফরিদপুরে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

ফরিদপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর (৫৫) মৃত্যু হয়েছে। সোমবার (১৩জুলাই) সকাল পৌনে ৬টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৩০ জন। 

ওই ব্যবসায়ীর নাম দেব দুলাল। তিনি একজন তেল ব্যবসায়ী এবং শহরের দক্ষিণ টেপাখোলা এলাকার বাসিন্দা। 

দেব দুলালের ভাই জানান, গত বেশ কিছু দিন ধরে শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গে ভুগছিলেন তিনি। তার দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় এ বিষয়টিকে তারা শরীরের পুরনো রোগ হিসেবেই ভেবে নিয়েছিলেন। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাকে শহরের ডায়াবেটিক এসোসিয়েশন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৯ জুলাই তিনি করোনা শনাক্তের জন্য ফরিদপুর ডায়াবেটিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা দেন। এরপর রবিবার ফরিদপুর করোনা ল্যাবের পরীক্ষার প্রতিবেদনে তার তার করোনা শনাক্ত হয়। আজ ভোরে ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: কাল যশোর-৬ আসনে উপনির্বাচন, ৩ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা 

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে ওই ব্যবসায়ীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।’ 

ইত্তেফাক/এএএম