নির্বাচনী সহিংসতায় উদ্বেগ জাতিসংঘ মানবাধিকার সংস্থার, তদন্ত দাবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও মানবাধিকার লংঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনার তদন্ত দাবি করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থার মুখপাত্র রাভিনা শামদাসানি এ আহ্বান জানান।

তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের আগে, নির্বাচনকালে এবং নির্বাচন পরবর্তী সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আমরা উদ্বিগ্ন। নির্বাচনের দিন বেশকিছু হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া উদ্বেগের বিষয় হচ্ছে, বিরোধীপক্ষের ওপর প্রতিহিংসা, হামলা, দুর্ব্যবহার, গণ গ্রেফতার, হয়রানি, গুম এবং ফৌজদারি মামলা এখনও অব্যাহত রয়েছে। সংখ্যালঘুদের ওপর হামলা এবং হুমকি প্রদানের খবরও পাওয়া গেছে। এছাড়া সাংবাদিকদের ভয়-ভীতি প্রদর্শন, হামলা ও সম্পদের ক্ষতিসাধনের মতো ঘটনাও ঘটেছে। নির্বাচন সংশ্লিষ্ট সংবাদের কারণে সর্বশেষ দুই সাংবাদিককে ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেফতার করা হয়েছে। গত ১০ ডিসেম্বর থেকে সংবাদ সংশ্লিষ্টসহ অন্যান্য প্রায় ৫৪টি ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ইন্টারনেট নিয়ন্ত্রণের মতো ঘটনা ঘটেছে। এসবের বাইরেও মানবাধিকারকর্মী, বিরোধীদলের সদস্য ও জনগণের হয়ে কথা বলতে আগ্রহীদের নিয়ন্ত্রণ করার অভিযোগ রয়েছে।

আমরা অবিলম্বে এসব অভিযোগের স্বাধীন, নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। পাশাপাশি এসব ঘটনার পুনরাবৃত্তি বন্ধে এবং আইন-শৃংখলা বাহিনী যাতে বিধি মোতাবেক তাদের ক্ষমতা প্রয়োগ করে সেজন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানাই।