যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ১৯৭৯ সালে আফগানিস্তানে হামলা চালিয়ে সঠিক কাজটিই করেছিল তত্কালীন সোভিয়েত ইউনিয়ন। স্থানীয় সময় বুধবার মন্ত্রিপরিষদের বৈঠকে এই মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র সৌভিয়েত ইউনিয়নের ওই হামলার নিন্দা জানিয়েছিল। খবর সিএনএনের
৯০ মিনিটের বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, রাশিয়া একসময় সোভিয়েত ইউনিয়ন ছিল। কিন্তু আফগানিস্তান একে রাশিয়া বানিয়েছিল। কারণ আফগানিস্তানে যুদ্ধ করতে গিয়ে সৌভিয়েত ইউনিয়ন সরকারিভাবে ঋণখেলাপি হয়ে পড়েছিল। তিনি বলেন, আপনারা অন্য দেশ যেমন পাকিস্তানের দিকে তাকান। দেশটির সেখানে লড়াই করা উচিত। রাশিয়ারও উচিত সেখানে লড়াই করা। যেহেতু তারা আগে সেখানে ছিল। সৌভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে হামলা চালায় তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের স্নায়ুযুদ্ধ চলছিল। আর যুক্তরাষ্ট্র তখন সোভিয়েতবিরোধীদের সহায়তা দিয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য আগের মার্কিন পররাষ্ট্র নীতির বিরোধী।