শূন্য পদ পূরণে বিচারকদের পদোন্নতির শর্ত শিথিল

শূন্য পদ পূরণের লক্ষ্যে অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতির শর্ত শিথিল করা হয়েছে। জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা জজ এবং যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতির ক্ষেত্রে বিচারকদের অভিজ্ঞতার এই শর্ত শিথিল করা হয়। যাতে ওই তিন স্তরের বিচারকের শূন্য পদ দ্রুত পূরণ করা সম্ভব হয়। এদিকে নিম্ন আদালতের বিচারকদের পদোন্নতির লক্ষ্যে প্যানেল প্রণয়নের জন্য তাদের বার্ষিক গোপনীয় অনুবেদন (ডসিয়ার) চেয়ে সুপ্রিম কোর্টকে সম্প্রতি চিঠি দিয়েছে আইন মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছে, বিচারকদের শূন্য পদ থাকায় বিচারপ্রার্থী জনগণ বিচার প্রাপ্তিতে ভোগান্তির শিকার হচ্ছেন। পদোন্নতির মাধ্যমে এসব পদ পূরণ করতে হবে। ফলে ওই শূন্য পদ পূরণের লক্ষ্যে বর্তমানে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাগণের জ্যেষ্ঠতার ক্রমানুসারে ডসিয়ার প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

আইন মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে জেলা ও দায়রা জজ ও সমপর্যায়ের বিচারকের শূন্য পদের সংখ্যা ১৭টি। চলতি বছর শেষে তা অর্ধ শতাধিকে পৌঁছবে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে শূন্য পদের সংখ্যা ৪৮টি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ পদে শূন্য পদের সংখ্যা ২০টি। বর্তমানে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পর্যায়ে শূন্য পদের সংখ্যা গিয়ে দাঁড়াবে ৬৫টি। অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি সঙ্গে সঙ্গে যুগ্ম জেলা ও দায়রা জজ পর্যায়ে শূন্য পদের সংখ্যা হবে ৮৫টি। এ বছরের ডিসেম্বর নাগাদ শূন্য পদের সংখ্যা বিপুল আকার ধারণ করবে। ফলে ওই তিন স্তরে যাতে বিচারক সংকট দেখা না দেয় সে লক্ষ্যে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সম্প্রতি পদোন্নতির শর্ত দুই বছরের জন্য শিথিলের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত মাসদার হোসেন মামলার রায়ের নির্দেশনা অনুযায়ী তৈরি করা বিধিতেই বলা হয়েছে,  সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকার পদোন্নতির শর্ত শিথিল করতে পারবে।

জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেতে একজন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে এক বছরের চাকরির অভিজ্ঞতাসহ মোট তের বছরের চাকরির অভিজ্ঞতা লাগবে। এর আগে জেলা জজ পদে পদোন্নতি পেতে হলে বিচারিক পদে দুই বছরের চাকরির অভিজ্ঞতাসহ মোট ১৫ বছরের চাকুরির অভিজ্ঞতার দরকার হত। যুগ্ম জেলা জজ ও দায়রা জজদের এখন থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেতে বিচারিক পদে ছয় মাসের চাকরির অভিজ্ঞতাসহ মোট ১০ বছরের চাকরির অভিজ্ঞতা লাগবে। এর আগে এই পদে পদোন্নতি পেতে বিচারিক পদে দুই বছরের চাকরির অভিজ্ঞতাসহ মোট ১০ বছরের চাকরির অভিজ্ঞতার দরকার হত। এছাড়া সিনিয়র সহকারী জজ ও সমপর্যায়ের বিচারকদের যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতির ক্ষেত্রে বিচারক পদে ছয় মাসের চাকরির অভিজ্ঞতাসহ মোট সাত বছরের চাকরির অভিজ্ঞতা লাগবে। এর আগে বিচারক পদে দুই বছরের চাকরির অভিজ্ঞতাসহ মোট আট বছরের চাকরির অভিজ্ঞতা লাগত।

প্রসঙ্গত জেলা জজ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সর্বোচ্চ পদ। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ পদ হলো অতিরিক্ত জেলা জজ এবং যুগ্ম জেলা ও দায়রা জজ। এসব পদে পদোন্নতির জন্য সংশ্লিষ্ট বিচারকদের বিচারিক কাজের অভিজ্ঞতা থাকতে হয়। কিন্তু অনেক বিচারক চাকরি জীবনে দীর্ঘ সময় প্রেষণে আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব পালন করেন। ফলে অনেকেরই বিচারিক অভিজ্ঞতার শর্ত পূরণ হয় না। শূন্য পদ পূরণের ক্ষেত্রে এ কারণেও অনেক সময় শর্ত শিথিলের প্রয়োজনীয়তা দেখা দেয়।