দুই শহীদের সমাধিস্থলের পাশে ডাস্টবিন স্থাপনের প্রতিবাদে মানববন্ধব

রাজধানীর মালিবাগে মহান মুক্তিযুদ্ধে দুই শহীদের সমাধিস্থলের পার্শ্ববর্তী স্থানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার ডাস্টবিন(এসটিএস) স্থাপনের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার মৌচাক-মালিবাগ ফ্লাইওভারের নিচে মালিবাগ এলাকাসীর ব্যানারে এ মানববন্ধনে প্রায় ১ হাজার লোক অংশগ্রহণ করেন।

মানববন্ধন থেকে বলা হয়, মহান মুক্তিযুদ্ধে শহীদ ফারুক ইকবাল এবং শহীদ তসলিমের সমাধিস্থলের ১ শ ফুটের মধ্যে রাস্তার মাঝখানে ময়লার ডাস্টবিন(এসটিএস) নির্মাণ করছে ঢাকা সিটি করপোরেশন। শুরু থেকেই এর প্রতিবাদ করা হলেও সিটি করপোরেশন থেকে প্রথমে বলা হয়েছে, এখানে পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হবে। পরবর্তীতে জানা যায়, এখানে ময়লার ডাস্টবিন স্থাপন করা হচ্ছে। শহীদের সমাধিস্থলের পাশে কোনো ভাবেই ডাস্টবিন স্থাপন করতে দেওয়া হবে না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন করা হবে।