সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের মহাসমাবেশ ১৯ জানুয়ারি

নির্বাচনে নিরঙ্কুশ জয়ে উত্সব

বিশেষ প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় হওয়ায় আগামী ১৯ জানুয়ারি দুপুর আড়াইটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জানা গেছে, নির্বাচনে বিজয়ের পর এই মহাসমাবেশের মাধ্যমে দলটির বিজয় উত্সব পালন করবে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ২৯৮টি আসনের ফলাফল অনুসারে, জোটগতভাবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮ আসন। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র ৭টি আসন। আলাদাভাবে আওয়ামী লীগ ২৫৭টি, জাতীয় পার্টি (এ) ২২টি, বিএনপি ৫টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, জাতীয় পার্টি (জেপি) ১টি, জাসদ ২টি, স্বতন্ত্র ৩টি, বিকল্পধারা ২টি, গণফোরাম ২টি ও তরিকত ফেডারেশন ১টি করে আসন পেয়েছে। মহাসমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।