সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় ২ মামলা, গ্রেফতার ১

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের দুইগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২টি মামলা হয়েছে। ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতিকে আহত করার ঘটনায় তার ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে একটি, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় রোকেয়া বেগম বাদী হয়ে আরেকটি মামলা করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে দু’টি মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম। এ ঘটনায় ফারুক নামে এক আসামিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, সিদ্ধিরগঞ্জের আদমজী নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় কাউন্সিলর মতিউর রহমান মতিসহ ৫ জন আহত হন। মতি আহত হওয়ার ঘটনার জেরে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর, হামলা ও জ্বালিয়ে দেয়া হয় সিদ্ধিরগঞ্জ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যালয়।

কাউন্সিলর মতি আহত হওয়ার ঘটনায় মাহবুবুর রহমানের দায়ের করা মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টায় এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে বের হন মতি। এ সময় পথিমধ্যে আসামিরা মতিকে মারধর ও কুপিয়ে জখম করে। এতে তিনি মারাত্মক আহত হন। তাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা করা হয়। এ মামলার আসামিরা হলেন- ইসমাইল, হান্নান, ফারুক, মজিবর, নাঈম, আলমগীর, হাসান মোস্তফাসহ অজ্ঞাত ১৫ জন। এ মামলার আসামি ফারুককে গ্রেফতার করেছে পুলিশ।

অপর দিকে, পাল্টা মামলাটি দায়ের করেন ইসমাইলের ভাবী রোকেয়া বেগম। তার দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, সুমিলপাড়ার নতুন বাজার এলাকার আবেদ আলী হাজী বাড়িতে তার পৈতৃক সাড়ে ৩ শতাংশ জমি রয়েছে, যা দখল করতে সেখানে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে তাদের বাড়িঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করে। এতে তাদের কয়েকজন আহত হয়। এ মামলার আসামিরা হলো- রাজ্জাক, মনির, রফিকসহ অজ্ঞাত ১০ জন। এরা সকলেই মতির সমর্থক।