মানিকগঞ্জে ২০১৯ শিক্ষাবর্ষে প্রায় ৪ লাখ শিক্ষার্থীর হাতে ৩০ লাখ ২১ হাজার ৩৮১টি নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বছরের ১ম দিনেই সকাল থেকে জেলার ৭টি উপজেলার ৬৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মাধ্যমিক, প্রাথমিক, এবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডার গার্টেন স্কুলে ৩ লাখ ৯৮ হাজার ৬১৮ শিক্ষার্থীর হাতে একযোগে নতুন বই বিনামূল্যে তুলে দেওয়া শুরু করেন কর্তৃপক্ষ।
মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন মানিকগঞ্জ সদরে মঙ্গলবার সকালে বই উত্সবে প্রধান অতিথি থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। মানিকগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফরিদুল ইসলাম বলেন, জেলার ৭টি উপজেলার ১৫৯টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ২৮টি আলিয়া মাদ্রাসাসহ মোট ১৮৭টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এ সব শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত ১ লাখ ৪৭ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী রয়েছে। ১৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২০ লাখ ৪১ হাজার ১৮৬টি নতুন বই বিতরণ করা হয়েছে।
মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রওশন আলী বলেন, মানিকগঞ্জে ৭টি উপজেলায় ৬৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কিন্ডার গার্টেন স্কুলসহ মোট ২ লাখ ২৪ হাজার ৪১৪ জন শিক্ষার্থীর মাঝে ৯ লাখ ২৫ হাজার ৮৯৫টি নতুন বই বিতরণ করা হয়েছে।
অপরদিকে মানিকগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের উপ-পরিচালক ড. মোঃ আব্দুল হক বলেন, জেলার ৭টি উপজেলার ৬৫টি ইউনিয়নে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের আওতায় ২০১৯ শিক্ষা বর্ষের মোট কেন্দ্র রয়েছে ৮৩৭টি। এর মধ্যে প্রাক প্রাথমিক ৪০৫ ও সহজ কোরআন শিক্ষা রয়েছে ৪২০টি এবং বয়স্ক শিক্ষা কেন্দ্র রয়েছে ১২টি। প্রাক-প্রাথমিক ৩০, সহজ কোরআন শিক্ষার ৩৫ ও বয়স্ক শিক্ষা কেন্দ্রের ২৫ জন করে মোট ২৭ হাজার ১৫০ জন শিক্ষার্থীর মাঝে ৫৪ হাজার ৩শ নতুন বই বিতরণ করা হয়েছে।