অংশগ্রহণমূলক নির্বাচনকে স্বাগত জানিয়েছে জাপান

বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ায় স্বাগত জানিয়েছে জাপান। গতকাল শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সচিব তাকেশি ওসুগা বিবৃতিতে বলেন, প্রধান বিরোধী দলগুলো নির্বাচনে যোগ দেওয়ায় অংশগ্রহণমূলক হয়েছে। সংশ্লিষ্ট সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। তবে নির্বাচনে সহিংসতায় কিছু হতাহতের ঘটনায় দু:খ প্রকাশ করেছে টোকিও সরকার। বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বন্ধু হিসেবে আছে জাপান। তাই সরকার আশা করে যে, বাংলাদেশ সর্বদাই গণতান্ত্রিক পথে থাকবে। টোকিও সবসময় বাংলাদেশের উন্নয়নে অবদান রাখবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করবে। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়।