ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব-২০১৯

ইরানি সিনেমার রাজত্ব প্রতিযোগিতায় দেশের এক চলচ্চিত্র

g বিনোদন রিপোর্ট

 

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—শ্লোগানে ১০ জানুয়ারি শুরু হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব-২০১৯। এই উত্সবের ১৭তম আসর চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উত্সবে এবার প্রদর্শনের জন্য ৬০টি দেশের দুই শতাধিক চলচ্চিত্র নির্বাচিত করা হয়েছে। তবে এবারের উত্সবে ইরানি চলচ্চিত্রের জয়জয়কার। ইরান থেকে এ বছর ২৯টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভিন্ন বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে পুইয়া বাদকুবেহ নির্মিত চলচ্চিত্র ‘ড্রেসেজ’, হোসেইন নামাজি পরিচালিত ‘অ্যাপেনডিক্স’, নামাজদাস্ত নির্মিত ‘আ বিগার গেম’, মনিজেহ হেকমতের ‘ওল্ড রোড’ ও ইব্রাহিম মোখতারির ‘লিফ অব লাইফ’।

নির্বাচিত চলচ্চিত্রগুলো কয়েকটি সেশনে প্রদর্শিত হবে। সেশনগুলো হচ্ছে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্টোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেসন ফিল্ম, স্প্রিরিচুয়াল ফিল্মস, ইনপিপেন্ডট ফিল্ম ও উইমেন্স ফিল্মস। এই উত্সবে বাংলাদেশের একমাত্র ছবি হিসেবে প্রতিযোগিতা বিভাগে লড়বে নূর ইমরান মিঠুর প্রশংসিত চলচ্চিত্র ‘কমলা রকেট’।

প্রতিবারের মতো এবারো উত্সবে ১১ ও ১২ জানুয়ারি রাজধানীর আলিয়সঁ ফ্রঁসেস মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘উইমেন্স ফিল্ম মেকারস কনফারেন্স’। ফলে এবারের উত্সবে পঞ্চমবারের মতো নারী চলচ্চিত্র নির্মাতারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন বলে আয়োজক প্রতিষ্ঠান রেইনবো চলচ্চিত্র সংসদ সূত্রে জানা গেছে।

৬০টি দেশ থেকে উত্সবে যোগ দেবেন আন্তর্জাতিক খ্যাতিমান চলচ্চিত্রকার, সাংবাদিক, চলচ্চিত্র সমালোচক ও নাগরিকরা। থাকবেন রেইনবো ও অন্যান্য চলচ্চিত্র সংসদের সদস্যরা।