‘পেছন ফিরে দেখার মানুষ নই আমি’

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি লেখালেখি করেন টুকটাক। আসছে ‘অমর একুশে গ্রন্থমেলা’য় তার নতুন বই প্রকাশিত হবে। এছাড়া ভালোবাসা দিবসের নাটকেও দেখা মিলবে এই অভিনেত্রীর। এসব প্রসঙ্গসহ বিভিন্ন বিষয়ে তিনি অকপটে বললেন বিনোদন প্রতিদিনকে—

কেমন আছেন?

ভালো।

 

গতবছর কেমন গেল, আর নতুন বছরে কী করছেন?

সুন্দর। গতবছর আমার লেখা প্রথম উপন্যাস গুলনেহার প্রকাশ পেয়েছে। গুলনেহার চরিত্রে টেলিফিল্মে অভিনয় করেও রোমাঞ্চিত আমি। এছাড়া আমার অভিনীত মায়াবতী চরিত্রটাও ভীষণ ভালোলাগার ছিল। আসলে পেছন ফিরে দেখার মানুষ নই আমি। নতুন বছরে নতুন কাজ হবে, এটাই স্বাভাবিক। তবে সেই কাজের ফল আগের থেকে যেন ভালো হয় সেদিকে লক্ষ্য রাখবো। ফেব্রুয়ারিতে আসবে আমার লেখা দ্বিতীয় উপন্যাস।

 

সামনে ভালোবাসা দিবস। এ উপলক্ষে কোনো কাজ করছেন না?

হ্যাঁ। ভালোবাসা দিবসের নাটকে আমাকে দেখা যাবে। তবে এই মুহূর্তে সঠিক সংখ্যাটা বলা কঠিন।

 

নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করছেন না। এর নেপথ্য কারণ জানতে চাচ্ছি—

চলচ্চিত্রে অভিনয় করছি না। তার মানে এই না যে, কাজ হাতে নেই। নিজের ইচ্ছেতেই অভিনয় করছি না। না করার কয়েকটি কারণ রয়েছে। আমি ভয়ঙ্কর সুন্দর ছবিটি করার আগেও অনেক ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু সেগুলো করা হয়নি। এখনো আমি ছবির প্রস্তাব পাই। তবে আমি যে ধরনের গল্প ও চরিত্র খুঁজছি তেমন পাচ্ছি না। আমি এমন একটা চরিত্রে অভিনয় করতে চাই যেটি দর্শক সবসময় মনে রাখবে।

 

তার মানে ভালো চরিত্রের আশায় আছেন...

হ্যাঁ। গত্বাঁধা কাজ করে মজা নেই। মানুষও ভালো কিছু দেখতে চায়।

 

নতুন কোনো ধারবাহিকে কাজ করছেন?

না, আমি বিশেষ দিবসগুলোর নাটকে বেশি অভিনয় করি। ধারাবাহিকে অনেকদিন অভিনয় করা হয়নি। গতবছর এই ধারাবাহিকগুলোর গল্প-চরিত্র পছন্দ হওয়ায় অভিনয় শুরু করেছি। প্রচার চলতি দুটি ধারাবাহিক দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।