ফুল

শীতকালীন ফুল ডেইজি

আদি নিবাস চীন। পরিবার Compositae, উদ্ভিদতাত্ত্বিক নাম Chrysanthemum carinatum। ডেইজি বিদেশি ফুল, তবে আমাদের দেশের আবহাওয়ায় মানিয়ে নিয়েছে বলে এর বিস্তার হয়েছে বেশ। রং বাহারি নানান প্রজাতি। গাছের কাণ্ডের মাথায় ফুল ধরে। ফুলের গঠন অনেকটা সূর্যমুখী ফুলের মতো। তবে আকারে ছোট। ফুল ঊর্ধ্বমুখী। ফুলের মাঝখানটা গোল চাকতির মতো এবং চারিদিকে অসংখ্য পাপড়ির উপস্থিতি। আকর্ষণীয় নানান রং এ-ফুলের জনপ্রিয়তার মূল কারণ। ডেইজি ফুল শীতের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়।

গাছ গড়ে এক থেকে দেড় ফুট উচ্চতার হয়ে থাকে। গাছ রসালো নরম প্রকৃতির। পাতা উজ্জ্বল সবুজ বর্ণের। দ্রুত বর্ধনশীল। শীতের শেষে বসন্তের আগমনে এই ফুল কিছুদিন টিকে থাকলেও বসন্তের মাঝামাঝি ফুল শেষ হয়ে যায়। রৌদ্রোজ্জ্বল সুনিষ্কাশিত উর্বর জৈব সার সমৃদ্ধ দো-আঁশ থেকে বেলে দো-আঁশ মাটি এ ফুল চাষের জন্য উত্তম। প্রয়োজনে সেচ দিতে হবে। গাছের ভালো বৃদ্ধির জন্য সুষম সার ব্যবহার করতে এবং রোগ-পোকার আক্রমণ দেখা দিলে তা দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। রোপণের জন্য অক্টোবর থেকে নভেম্বর মাস উত্তম সময়। বীজের মাধ্যমে এর বংশ বিস্তার করা যায়।