স্পোর্টস রিপোর্টার
কেপটাউন টেস্টে চালকের আসনে আছে দক্ষিণ আফ্রিকাই। প্রথম ইনিংসে অল আউট হওয়ার আগে তারা করেছে ৪৩১ রান। সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তার ১০৩ রানের ইনিংসে ছিল ১৩টি চার।
দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ রান করেন ওপেনার এইডেন মার্করাম। টেম্বা বাভুমা ৭৫ ও কুইন্টন ডি কক ৫৯ রান করেন। পাকিস্তানের বোলিং বিভাগের নেতৃত্ব দেন দুই পেসার মোহাম্মদ আমির ও শাহিন শাহ আফ্রিদি। দুইজনই নিয়েছেন চারটি করে উইকেট। একটি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস ও শান মাসুদ।
তৃতীয় দিনে চা বিরতি শেষে পাকিস্তানের সংগ্রহ ১৭৭। উইকেট হারাতে হয়েছে তিনটি। সাত উইকেট হাতে নিয়ে এখনো ৭৭ রান পিছিয়ে আছে সফরকারীরা। ৭৩ রান করে অপরাজিত আছেন পাকিস্তানের ডানহাতি ব্যাটসম্যান আসাদ শফিক। তার সঙ্গী বাবর আজমের সংগ্রহ ১৬ রান। এর আগে ৬১ রান করে আউট হন ওপেনার শান মাসুদ। তৃতীয় উইকেট জুটিতে শফিক-শান মিলে যোগ করেন ১৩২ রান।
স্বাগতিকদের হয়ে দুটি উইকেট নেন পেসার ডেল স্টেইন। এছাড়া ক্যাগিসো রাবাদা পান এক উইকেট। এর আগে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান করে মাত্র ১৭৭ রান। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে সরফরাজ আহমেদের দল। ফলে, কেপটাউন টেস্ট জিতলে সিরিজে অসহায় আত্মসমর্পণই করতে হবে তাদের।