স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ ওলে গুনার সোলসারের বিশ্বাস মৌসুমের বাকি সব ম্যাচ জেতার ক্ষমতা আছে তার শিষ্যদের। এফএ কাপে রিডিংয়ের বিপক্ষে মাঠে নামার আগে এ কথা বলেন তিনি। ম্যাচটিতে হুয়ান মাতা এবং রোমেল লুকাকুর গোলে ২-০ গোলে জয়লাভ করে তার দল।
সাবেক কোচ হোসে মরিনহোর অধীনে বিপর্যস্ত ইউনাইটেডকে যেন জিয়নকাঠির ছোঁয়ায় বদলে দিয়েছেন খণ্ডকালীন ভিত্তিতে দলের দায়িত্ব পাওয়া নরওয়েজিয়ান কোচ সোলসার। গোল করতে ভুলে যাওয়া রেড ডেভিলদের দিয়েই দায়িত্ব পাওয়ার পর করালেন পাঁচ ম্যাচে ১৬ গোল, জয় তুলে নিয়েছেন পাঁচটি ম্যাচেই। দায়িত্বে আসার পর প্রথম চার ম্যাচেই জয় নিয়ে চলে এসেছেন ক্লাবটির কিংবদন্তি কোচ ম্যাট বাসবির পাশেও।
এমন এক শুরুর পর দলকে নিয়ে আত্মবিশ্বাসী ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইউনাইটেডে খেলে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী সোলসার। তিনি বলেন, ‘আপনি যখন এমন একটি ক্লাবের দায়িত্বে আসবেন, তখন আপনি অনেক ম্যাচ জেতার আশা করবেন। আর যখন আপনি টানা চার ম্যাচ জিতবেন, তখন আপনি পরের ম্যাচটাও জিততে চাইবেন। আমি মনে করি, প্রতিটি ম্যাচই জেতার সক্ষমতা আছে আমার দলের।’
তবে জয়ের সাথে সাথে খেলার ধরন দিয়েও সমর্থকদের পরিতৃপ্ত করতে চান সোলসার। সাবেক ম্যানইউ ফরোয়ার্ড বলেন, ‘এর আগে ইউনাইটেডের খেলার ধরন নিয়ে অনেক কথা হয়েছে। ম্যাচের ফলাফল কি হবে তা আমরা বলে দিতে পারবো না কিন্তু আমরা কীভাবে খেলব তার নিয়ন্ত্রণ পুরোপুরি আমাদের হাতেই আছে। তাই শুধু খেলায় জয়ই নয়, ইউনাইটেডের পুরনো খেলার ধরনটা ফিরিয়ে আনার লক্ষ্যেই কাজ করবো আমি।’
সোলসারের বিশ্বাস, গুরু অ্যালেক্স ফার্গুসনের কাছ থেকে পাওয়া শিক্ষা কাজে লাগাতে পারলেই খোলনলচে পাল্টে যাবে ইউনাইটেডের চেহারা। সোলসারের ভাষায়, ‘নিজের পেশাদারী ফুটবল জীবনে যা কিছু শিখেছি তার সবটুকু দিয়েই চেষ্টা করবো আমি। পগবা, মার্শিয়াল, লুকাকু, র্যাশফোর্ডদের মত ফুটবলার দলে থাকার কারণে আমাদের দলটা যথেষ্ট শক্তিশালী। ইউনাইটেডে আমার খেলোয়াড়ি জীবনেও এমন কিছু দারুণ সদস্য ছিল দলে। দ্রুত আক্রমণে ওঠাই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হওয়া উচিত। ফার্গুসনের কাছ থেকে এমন শিক্ষাই পেয়েছি আমরা।’
আগামী মৌসুমে দলের দায়িত্বে থাকার ভাবনা আছে কি না এমন এক প্রশ্নে সোলসার জানান, ‘আমি কারো সঙ্গে কথা বলিনি এখনো, মৌসুমের এখনো অনেক সময় বাকি। আমি যখন এসেছিলাম, পরবর্তী কোচ সন্ধানের প্রক্রিয়ার ব্যাপারে তারা বেশ সত্ ছিলেন। এখানে যত বেশি সময় থাকবেন তত বেশি উপভোগ করবেন ব্যাপারটিকে। যখন তারা পরবর্তী কোচের নাম ঘোষণা করবেন, সেটা আমিই হই কিংবা অন্য কেউ, শুভ কামনাই থাকবে তার জন্য।’