স্পোর্টস রিপোর্টার
আরো এক দফা পিছিয়েছে এসএ গেমস। নেপালে আগামী মার্চে এসএ গেমস হওয়ার কথা ছিল। কিন্তু সেটা না হয়ে আগামী সেপ্টেম্বরে হবে বলে জানা গেছে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) হতে গতকালই নেপালে যোগাযোগ করা হয়েছিল। সেখানকার কর্মকর্তারা মৌখিক ভাবে জানিয়েছেন গেমসটি এ বছরের সেপ্টেম্বরে হবে। এ ব্যাপারে আগামী মাসে নেপালের এসএ গেমস নিয়ে সভা হওয়ার কথা রয়েছে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেলে অংশগ্রহণকারী সব দেশকে জানানো হবে।
কোনো কারণে সেপ্টেম্বরেও এসএ গেমস না হলে এ বছর আর এটি হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ আগামী বছর টোকিও অলিম্পিক গেমস রয়েছে জাপানে। সাধারণত একই বছর দুই দুটি গেমস আয়োজনে আগ্রহী না আয়োজকরা।
এসএ গেমসটি হওয়ার কথা ছিল ২০১৮ সালের মার্চে। পরে দিনক্ষণ বদলে করা হয় চলতি বছরের মার্চে। গতকাল জানা গেল এটি হবে সেপ্টেম্বরে।
গেমস আয়োজনের চূড়ান্ত সূচি না হওয়ায় বাংলাদেশ প্রস্তুতি শুরু করতে পারছে না। এসএ গেমস হচ্ছে দক্ষিণ এশিয়ার অলিম্পিক গেমস। সাফের একেকটা দেশের শত শত ক্রীড়াবিদ এখানে সেরা নৈপুণ্য দেখানোর অপেক্ষায় থাকেন। এ গেমসটাকে উপলক্ষ করে এশিয়ান গেমসের পথে পা রাখেন ক্রীড়াবিদরা।
কিন্তু কাঠমান্ডু এসএ গেমস আয়োজন নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে তা খুব সহজেই দূর হবে বলে আশাও করছেন না বাংলাদেশের ক্রীড়া সংগঠকরা। তারা মনে করেন, চূড়ান্ত তারিখ পাওয়া গেলে সরকারের সঙ্গে বাজেট নিয়ে কথা বলতে হবে।
এ দিকে বিওএ’র উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনূর মনে করেন এখন এসএ গেমস না হলেও ডিসেম্বরে হবে। তিনি অবশ্য এটাকে তার নিজের ধারণা বলেই উল্লেখ করেন। যদিও তিনি কয়েকদিন আগে নেপালে মিটিং করে এসেছেন।
এ প্রসঙ্গে বিওএ’র আরেক উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু বললেন, ‘সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করে সরকারের কাছে এসএ গেমসের বাজেট চাইতে হবে। আর যদি সত্যি সত্যি ডিসেম্বরেই এসএ গেমস হয় তা হলে সেই ঘোষণা এখনই দিতে হবে। আমরা যদি লম্বা সময়ের জন্য প্রস্তুতি নিতে চাই তা হলে একই বছরে দুটি অর্থ বছর পড়ে যাবে। বাজেট কিভাবে আসবে তা নিয়েও অংকের হিসাব রয়েছে।’
আশিকুর রহমান মিকু বিওএ’র ট্রেনিং কমিটির ডেপুটি চেয়ারম্যান। তিনি প্রশিক্ষণের ব্যাপারে বলেন, ‘নেপাল যদি এসএ গেমসের চূড়ান্ত তারিখ জানিয়ে দেয় তা হলে ডিসিপ্লিন নির্ধারণের বিষয় রয়েছে। কতদিন প্রশিক্ষণ হবে সেটা নির্ধারণ করতে হবে। কোন খেলাগুলোর উপর বেশি জোর দেয়া হবে সেটাও আলোচনার বিষয়। বিদেশি কোচ আনারও ব্যাপার রয়েছে। সবকিছু করতে সময় লাগবে। এখন কথা হচ্ছে নেপাল কখন জানায় সেটাই দেখার বিষয়।’