চীনের হুমকি থেকে রক্ষায় আন্তর্জাতিক সমর্থন চাইলো তাইওয়ান

চীনের পক্ষ থেকে নতুন হুমকির মুখে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই-ইং-ওয়েন স্বায়ত্তশাসিত দ্বীপটির গণতন্ত্র ও জীবনধারা রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তাইয়ানকে চীনের সঙ্গে একত্রিত হতে হবে এবং তা অবশ্যম্ভাবী, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার সাই এ আহ্বান জানান।

মঙ্গলবার তাইওয়ান নীতির ৪০ বছর পূর্তিতে বেইজিংয়ের গ্রেট হলে দেওয়া এক ভাষণে শি তাইওয়ানকে শান্তিপূর্ণ পন্থায় এক হওয়ার কথা বলেন। আর এ পুনরেকত্রীকরণ নিশ্চিত করতে চীনের শক্তি প্রয়োগেরও অধিকার আছে বলে জানান তিনি। শি আরও বলেছিলেন, ‘উভয়পক্ষ একই চীনা পরিবারের অংশ। তাই তাইওয়ানের স্বাধীনতা ইতিহাসের বিপরীত স্রোত, যেটা কখনোই কূল খুঁজে পাবে না।’

এর জবাবে বুধবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছিলেন, চীনের সঙ্গে পুনরায় একত্রীকরণের বিষয়ে বেইজিং যে প্রস্তাব দিয়েছে তাইওয়ান তা কখনো মেনে নেবে না। এরপর শনিবার তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান। চীনের হুমকির কথা উল্লেখ করে রাজধানী তাইপেতে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা আশা করি আন্তর্জাতিক সম্প্রদায় এটাকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে এবং আমাদের সমর্থন ও সহযোগিতায় কণ্ঠ তুলবে।’ সাই আরও বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় যদি হুমকিতে থাকা একটি গণতান্ত্রিক দেশকে সমর্থন না করে, তাহলে আমাদের প্রশ্ন করতে হবে, পরবর্তীতে কোন দেশটি হুমকিতে পড়তে পারে?’

প্রসঙ্গত, তাইওয়ানকে চীন তাদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবেই মনে করে এবং এক্ষেত্রে তারা ‘এক দেশ, দুই নীতি’ মেনে চলে। ওদিকে, তাইওয়ানের নিজস্ব সরকার ব্যবস্থা আছে এবং তারা নিজেদের স্বাধীন দেশ বলে মনে করে। কিন্তু দ্বীপটি কখনো চীন থেকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা  দেয়নি।