যুক্তরাষ্ট্রের জলসীমার কাছে আটলান্টিক মহাসাগরে রণতরী পাঠাবে ইরান

যুক্তরাষ্ট্রের জলসীমার কাছে আটলান্টিক মহাসাগরে আগামী মার্চে রণতরী পাঠাবে ইরান। দেশটির শীর্ষস্থানীয় এক কমান্ডার এ কথা জানিয়েছেন। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীকে ইরান তাদের নিরাপত্তায় হুমকি বলেই মনে করে। এ কারণে এর পাল্টা ব্যবস্থায় ইরানের নৌবাহিনী এখন তাদের পতাকাবাহী রণতরী নিয়ে যুক্তরাষ্ট্রের জলসীমার কাছে যাওয়ার উদ্যোগ নিচ্ছে। আগামী মার্চ মাসে ইরানি নববর্ষের শুরুতেই নৌবহর আটলান্টিকে যাত্রা শুরু করবে বলে শুক্রবার জানিয়েছেন ইরানের নৌবাহিনীর উপ-কমান্ডার রিয়ার এডমিরাল তৌরজ হাসানি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় হাসানি বলেন, আটলান্টিক মহাসাগর অনেক দূর। তাই ইরানি নৌবহরের এ অভিযানে পাঁচ মাস সময় লেগে যেতে পারে। তিনি বলেন, নৌবহরের যুদ্ধজাহাজগুলোর মধ্যে আছে নতুন তৈরি ডেস্ট্রয়ার শাহান্দ। এ রণতরীতে হেলিকপ্টার উড়ার ডেক আছে। বিমান বিধ্বংসী এবং জাহাজ বিধ্বংসী অস্ত্রসহ ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রও এ বহরে আছে। তাছাড়া এতে ইলেকট্রনিক ওয়ারফেয়ারেরও ব্যবস্থা আছে।