ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন টিভির কার্যালয়ে সশস্ত্র ব্যক্তিরা হামলা চালিয়েছে। এ সময় তারা বিভিন্ন সমপ্রচার যন্ত্রপাতি ভাঙচুর করে। এ ঘটনায় মাহমুদ আব্বাসের সঙ্গে গাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হামাসের দূরত্ব আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
টেলিভিশন চ্যানেলটির গাজা কার্যালয়ের পরিচালক রাফাত আল-কিদরা জানান, শুক্রবার সকালে পাঁচ ব্যক্তি অফিসে প্রবেশ করে ক্যামেরা, সম্পাদনা ও সমপ্রচারের যন্ত্রপাতি ভাঙচুর করেছে। এগুলোর মূল্য প্রায় দেড় লাখ ডলার। তিনি বলেন, যারাই গাজা নিয়ন্ত্রণ করুক না কেন তাদের উচিত সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করা।