সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে পদ্মা নদীর কোল থেকে নিষিদ্ধ বেড় জাল দিয়ে অবাধে মা ও পোনা মাছ নিধন করা হচ্ছে। বিশেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগে স্থানীয় মত্স্যজীবীরা ওই মাছ নিধন করছে।
পদ্মা পাড়ের বাসিন্দারা জানায়, শুষ্ক মৌসুমে পদ্মার পানি কমে গেলেও কোলে প্রচুর পানি থাকে। তা ছাড়া পদ্মা নদীর কোলকে মাছের অভয়াশ্রম বলা হয়। সে কারণে শুষ্ক মৌসুমে নদীর মাছ পদ্মার কোলে আশ্রয় নেয়। আর এ সুযোগে মত্স্যজীবীরা নিষিদ্ধ বেড় জাল দিয়ে ওই কোল থেকে পোনা ও মা মাছ নিধন করে।
পদ্মা পাড়ের ভাটপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম মোল্লা জানান, উপজেলার সাতবাড়ীয়া, সিংহনগর, নারুহাটি, গোয়ারিয়া, কামারহাট এবং হাসামপুর এলাকায় পদ্মা নদীর ৮/১০টি কোল রয়েছে। প্রতি বছর শুষ্ক মৌসুমে পদ্মার পানি কমে যাওয়ার সাথে বান, বোয়াল, পাঙ্গাস, পাবদা এবং রায়েকসহ বিভিন্ন প্রজাতির মা এবং পোনা মাছ ওই কোলে আশ্রয় নেয়। অথচ এলাকার কতিপয় চিহ্নিত মত্স্যজীবী সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিষিদ্ধ বেড় জাল দিয়ে কোল থেকে ওই মাছ নিধন করছে।
উপজেলা মত্স্য অফিসার আতিয়ার রহমান বলেন, পদ্মা নদীর কোল থেকে বেড় জাল দিয়ে মাছ শিকার করার বিষয় আমার জানা নেই। তবে ঘটনা সত্য হলে সংশ্লিষ্ট মত্স্যজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।