পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের পাঁচ প্রার্থী নিয়ে গুঞ্জন

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক আওয়ামী লীগের নেতারা। জানা গেছে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন এবং মার্চে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন।  উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচ নেতার নাম শোনা যাচ্ছে। তারা সকলে দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী। সে হিসেবে বিভিন্ন ইউনিয়নে তারা গণসংযোগও শুরু করেছেন। গোপনে চলছে লবিং।

আলোচিত প্রার্থীদের মধ্যে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব রশীদুজ্জামান মোড়ল, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক প্রবীণ নেতা গাজী মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগ নেতা সাবেক এমপি পুত্র মোঃ মনিরুল ইসলাম, সাবেক এএনএ শহীদ এম এ গফুরের ছেলে মোঃ আনোয়ার ইকবাল মন্টু ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. শেখ আবুল কালাম আজাদের নাম শোনা যাচ্ছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৫ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত অ্যাডঃ স ম বাবর আলী চেয়ারম্যান নির্বাচিত হন।