ঘোড়াঘাটে বসতঘরসহ ছয়টি দোকান ভস্মীভূত

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ডুগডুগীহাটে অগ্নিকাণ্ডে রাফিদ এগ্রো ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেডের দোকান ও গুদামঘরসহ বসতবাড়ির ঘর ভস্মীভূত হয়েছে। পাশাপাশি একটি ভুষিমালের ও একটি হিউম্যান ওষুধের দোকান পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডে মোট ৬টি দোকানের প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধন হয়েছে বলে দোকান মালিকদের দাবি।

বাজারের লোকজন ঘোড়াঘাট থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ হাকিমপুর ফায়ার সার্ভিসে ফোন দেয়। হাকিমপুর ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভাতে সক্ষম হয়।

ঘটনাস্থল গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম, ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম ও পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধান পরিদর্শন করেছেন। নির্বাহী অফিসার জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেদন করলে টিনসহ আর্থিক অনুদান দেওয়া হবে। অফিসার ইনচার্জ জানান, মামলা করলে মামলা নেওয়া হবে।

হাকিমপুর ফায়ার সার্ভিসের লিডার মোঃ জহুরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডটি একই সঙ্গে চারিদিক থেকে জ্বলে উঠার কারণে ধারণা করা যায়নি যে, এটি লাগিয়ে দেওয়া, না সার্কিট থেকে সৃষ্ট আগুন।